নারী স্বাস্থ্যে ডিজিটাল অ্যাপ  চান প্রতিমন্ত্রী। 

Jul 14, 2026 - 23:37
Jul 14, 2026 - 23:52
 0  11
নারী স্বাস্থ্যে ডিজিটাল অ্যাপ  চান প্রতিমন্ত্রী। 

নারী স্বাস্থ্য সেবা আরো কার্যকর করতে  ডিজিটাল স্বাস্থ্য অ্যাপ চালু, দক্ষ স্বাস্থ্য কর্মী তৈরি এবং চিকিৎসকদের আন্তর্জাতিক প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘হার হেলথ বাংলাদেশ : নারীদের স্বাস্থ্য ও কল্যাণ ত্বরান্বিতকরণ জাতীয় মাতৃস্বাস্থ্য এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসার কর্মসূচি শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচির ‘ডিজিটাল স্বাস্থ্য ও উদ্ভাবন’ অংশটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের আওতায় রোগী ও স্বাস্থ্যসেবাদানকারীদের জন্য পৃথক ইন্টারফেস সমৃদ্ধ একটি দ্বিমুখী ডিজিটাল অ্যাপ তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য দ্রুত ও নির্ভুলভাবে সংগ্রহের পাশাপাশি রোগীরা স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত পরবর্তী তারিখের স্মারক, প্রয়োজনীয় পরামর্শ এবং স্বাস্থ্যসচেতনতামূলক তথ্য নিয়মিতভাবে পেতে পারবেন।

তিনি আরও বলেন, স্তন ক্যানসার ও ফিস্টুলা শনাক্তকরণে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তরুণ সার্জনদের জন্য অস্ত্রোপচার-সংক্রান্ত উচ্চতর প্রশিক্ষণ এবং চিকিৎসকদের জন্য ক্যানসার চিকিৎসাবিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি প্রকল্পে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এ ছাড়া, ইউরোপের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তরুণ চিকিৎসকদের জন্য স্বল্পমেয়াদি আন্তর্জাতিক ফেলোশিপ চালুর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

সেমিনারে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া হায়দার তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে মাঠপর্যায়ে কর্মরত তিন ধরনের স্বাস্থ্যকর্মীকে একীভূত করে ‘কমিউনিটি স্বাস্থ্যকর্মী’ নামে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হচ্ছে। নতুন এক লাখ নিয়োগসহ দেশে মোট এক লাখ ৪০ হাজারের বেশি কমিউনিটি স্বাস্থ্যকর্মী প্রতি দুই মাসে অন্তত একবার প্রতিটি পরিবার পরিদর্শন করবেন। এর মাধ্যমে জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের স্ক্রিনিংসহ বিভিন্ন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শাহ ইমাম আলী রেজা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম, জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন ক্যামকংসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
নারী স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকার প্রযুক্তিনির্ভর ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলে সেমিনারে জানানো হয়।
তথ্যসূত্র :
 স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।